রোহণ কুদ্দুসের লেখা // যশোধরা রায়চৌধুরী
একজন লেখক। তাকে কবিও বলা চলে। ইতিমধ্যে একটি কবিতার বই বেরিয়ে গিয়েছে তার। বইয়ের নাম পিজ্জা বালক। এবার সে একটি গল্প সংকলন বার করবে। ইতিমধ্যেই বেশ কিছু গল্প লেখা হয়ে গেছে তার। তার লেখার ক্ষেত্রটাও ইন্টারেস্টিং। তার গল্প যেমন আনন্দবাজার পত্রিকায় বেরোয়, তেমনি, বেশ কিছু ইন্টারনেট ভিত্তিক ওয়েবম্যাগেও বেরোয়। আবার সে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একটা শর্ট ফর্ম আবিষ্কার করেছে সে নিজেই। সফো। সে একজন সফো। পৃথিবীর নানা প্রান্তে বসে বসে খুটুরখুটুর করে নেট-সাহিত্যচর্চা করে যাওয়া একাধিক অন্য সফোর কাছে ইতিমধ্যেই অতি পরিচিত এই লেখক, কবি, সফো ও সম্পাদক।
সফো নামের একজন
রোহণ কুদ্দুস একজন সফো।
এবং রোহণ কুদ্দুস একজন কবি, একজন গল্পকার, একজন সাইট ডিজ়াইনার।
এবং রোহণ কুদ্দুস প্রাণপণে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা চালাচ্ছে।